Ridge Bangla

নওগাঁয় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে তাদের মরদেহ পাওয়া যায়।

নিহতরা হলেন লোকমান মন্ডল (৪৭) ও তার স্ত্রী দেলোয়ারা (৪১)।

স্থানীয় বাসিন্দা রাজু জানান, লোকমান ও দেলোয়ারার এক ছেলে ও এক মেয়ে একই বাড়িতে থাকতেন। ভোর ৪টার দিকে তাদের ছেলে মুক্তার নিকটাত্মীয়দের ফোন করে জানান, তার বাবা-মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

ফোন রেখে মুক্তার চিৎকার শুরু করলে প্রতিবেশীরা বাড়িতে ছুটে আসেন। পরে ঘরের দরজা খুলে ভেতরে লোকমান ও দেলোয়ারার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।

ঘটনার পর স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ২টি উদ্ধার করে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজনের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাদের ছেলে মুক্তার হোসেন অনলাইন জুয়ায় আসক্ত। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

তিনি আরও জানান, মরদেহ ২টি ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন