Ridge Bangla

মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার, ইয়াবা-চাপাতি উদ্ধার

মাদারীপুর সদর উপজেলায় ৩০ মামলার পলাতক আসামি আল-আমিন হাওলাদারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানের সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার আল-আমিন হাওলাদার সদর উপজেলার নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ) এলাকার মৃত আলমগীর হাওলাদারের ছেলে।

জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সদর মডেল থানার থানতলী এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

থানতলী এলাকার ম্যাজিক চায়ের কর্নার দোকানের সামনে থেকে আল-আমিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতি জব্দ করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, আল-আমিনের বিরুদ্ধে হত্যা, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৩০টি মামলা রয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফারিয়া রফিক ভাবনা জানান, জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

This post was viewed: 4

আরো পড়ুন