Ridge Bangla

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনায় গঠিত নতুন অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে হাই কোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। রিটে আগামী ৩০ দিনের মধ্যে বার কাউন্সিলের নির্বাচন আয়োজনের নির্দেশনা চাওয়ার পাশাপাশি নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত বর্তমান অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট আবেদন করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে উল্লেখ করা হয়, বার কাউন্সিলের নিয়মিত কমিটির মেয়াদ শেষ হওয়ার পর ২০২৫ সালের ২৮ মে এক বছরের জন্য ১৪ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল। পরে সেই কমিটির অধীনে ২০২৬ সালের ১৯ মে নির্বাচন অনুষ্ঠানের সূচি ঘোষণা করা হলেও ১৫ এপ্রিল জরুরি সভায় দেশব্যাপী জ্বালানি সংকট ও জেলা বারগুলোর আবেদনের কথা উল্লেখ করে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার সরকার নতুন করে ১৫ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই থেকে এক বছরের জন্য গঠিত এ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে জাতীয় নাগরিক পার্টির আইনজীবী সংগঠন ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্সও বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। তাদের দাবি ছিল, বার কাউন্সিলের মূল আইনে এ ধরনের অ্যাডহক কমিটি গঠনের কোনো সুস্পষ্ট বিধান নেই।

This post was viewed: 4

আরো পড়ুন