Ridge Bangla

ভূরুঙ্গামারীতে অবৈধ বালু উত্তোলন, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা বালু প্রকাশ্য নিলামের মাধ্যমে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

রোববার (২৮ জুন) সন্ধ্যায় উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের সড়ককাটা এলাকায় ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ।

জানা গেছে, খামার আন্ধারীঝাড় গ্রামের দেলোয়ার হোসেন দিপু (২৬) দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। উত্তোলিত বালু একটি কালভার্টের মুখে মজুত করে রাখায় পানি নিষ্কাশনে বাধার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয়দের আপত্তির পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দেলোয়ার হোসেন দিপুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা বালু প্রকাশ্য নিলামের মাধ্যমে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

অভিযান চলাকালে আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল, ভূমি উপসহকারী কর্মকর্তা রোকনুজ্জামান এবং থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন