Ridge Bangla

মুন্সিগঞ্জ থেকে অপহৃত যুবক ঢাকায় উদ্ধার, যৌথ অভিযানে গ্রেপ্তার ৩

মুন্সিগঞ্জ থেকে অপহরণের শিকার এক যুবককে রাজধানীর গুলশান এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মুন্সিগঞ্জ সদর থানা ও গুলশান থানা-পুলিশের যৌথ অভিযানে শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকার শাহজাদপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া যুবকের নাম ইনছান বেপারী (২২)। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার মো. আনোয়ার হোসেন বেপারীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ২৬ জুন রাতে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ইনছান। পরদিন ২৭ জুন সকালে তাঁর ইমো নম্বর ব্যবহার করে অজ্ঞাতনামা ব্যক্তিরা মায়ের কাছে ফোন দিয়ে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়। পরে ইনছানের মা মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে অপহৃত যুবকের অবস্থান শনাক্ত করে গুলশান থানাকে তথ্য দেওয়া হয়। পরে যৌথ অভিযানে ঢাকার শাহজাদপুরের ভোলা মসজিদসংলগ্ন কাজী ভিলা এলাকায় অভিযান চালিয়ে ইনছানকে উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারের পর ইনছান বেপারী পুলিশকে জানান, তাঁর সাবেক স্ত্রী সাফামনি (২২) কৌশলে তাঁকে ঢাকায় নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী সাফামনির কথিত প্রেমিক নাইমসহ আরও কয়েকজন তাঁকে জিম্মি করে মারধর করে এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নোয়াখালীর চরজব্বার এলাকার মো. সোহেল (২৪), সুধারাম এলাকার মো. বেলায়েত হোসেন (২৫) এবং টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার মো. রোমান ইসলাম (২৩)। তাঁরা সবাই গুলশানের শাহজাদপুর এলাকার কাজী ভিলার ভাড়াটিয়া। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে অপহৃত যুবককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

This post was viewed: 6

আরো পড়ুন