দেশে হামের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৫১২ জন শিশুর মৃত্যু হয়েছে। এতে গড়ে প্রতিদিন ৭ জনেরও বেশি শিশুর মৃত্যু হচ্ছে বলে সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকেন্দ্র জানায়, গতকাল শনিবার নতুন করে আরও ১৩ জন মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং ১ জনের মৃত্যু সরাসরি হামে নিশ্চিত হয়েছে।
পরিসংখ্যান বলছে, গত কয়েক মাসে মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। শুধু মে মাসের প্রথম ২২ দিনেই ২৩২ জন শিশুর মৃত্যু হয়েছে। ৭০ দিনের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে। এছাড়া এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি মানুষ হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৪ হাজারের বেশি রোগী ভর্তি রয়েছে বলে জানা গেছে।
বিশেষজ্ঞরা মনে করেন, রোগীদের বয়স, ভৌগোলিক তথ্য ও চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ না করায় পরিস্থিতির অবনতি হয়েছে।