সিন্ধু পানিচুক্তি ইস্যুতে পাকিস্তানের অবস্থানকে সমর্থন করে রায় দিয়েছে নেদারল্যান্ডসের হেগভিত্তিক পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশন (পিসিএ)। আদালত বলেছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জলবিদ্যুৎ প্রকল্পগুলোতে পানির প্রবাহ নিয়ন্ত্রণে ভারতের ‘পন্ডেজ’ ব্যবহারের বিষয়ে পাকিস্তানের আপত্তি চুক্তির কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
আদালত আরও জানায়, ১৯৬০ সালে স্বাক্ষরিত ‘ইন্দাস ওয়াটার্স ট্রিটি’ এখনো কার্যকর রয়েছে। ভারত একতরফাভাবে এটি স্থগিত করতে পারে না। এর ফলে পানি বণ্টন চুক্তি নিয়ে পাকিস্তানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে পাকিস্তান অভিযোগ করে আসছে, রাতল ও কিশেঙ্গাঙ্গাসহ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে ভারত সাময়িকভাবে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পিসিএর এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে জানিয়েছে, তারা আগেও অবৈধভাবে গঠিত এই সংস্থার সব ঘোষণা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। ভারত কখনোই এর গঠনকে স্বীকৃতি দেয়নি।
বিশ্লেষকদের মতে, রায়টি আইনগতভাবে গুরুত্বপূর্ণ হলেও দুই দেশের বিদ্যমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণে বাস্তব ক্ষেত্রে এর প্রভাব সীমিত হতে পারে। কারণ বর্তমানে ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কও স্থবির অবস্থায় রয়েছে।