Ridge Bangla

দাদা-দাদির কবরের পাশে দাফন করা হলো রামিসাকে

রাজধানীর মিরপুরের পল্লবীতে নির্মম নির্যাতন ও হত্যার শিকার সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়েছে। বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদী গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়।

এর আগে রাত ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে রামিসার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের আহাজারি আর এলাকাবাসীর কান্নায় পুরো গ্রাম ভারী হয়ে ওঠে। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নিহত রামিসা রাজধানীর পল্লবীর পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। সে মধ্য শিয়ালদী গ্রামের বাসিন্দা হান্নান মোল্লার মেয়ে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত সোহেল ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল ইয়াবা সেবনের পর বিকৃত যৌন আচরণের কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

This post was viewed: 7

আরো পড়ুন