প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন স্থানীয় সরকার নির্বাচনকে শান্তিপূর্ণ ও রক্তপাতহীন করার ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সহিংসতা ও প্রাণহানির ঘটনা উদ্বেগজনক মাত্রায় ঘটেছে। তাই এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিইসি জানান, বিভিন্ন তথ্য অনুযায়ী ২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে ২৩৬ জন এবং ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১৬ জন নিহত হন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন ঐতিহাসিকভাবেই সংঘাতপ্রবণ হওয়ায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংঘাত প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে এবং স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য তৈরির চেষ্টা করা হবে।