Ridge Bangla

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম-খুনের অভিযোগ বিএনপির

বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২ হাজার ২৭৬ নেতাকর্মীকে গুম ও হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুনরায় অভিযোগ দাখিল করেছে দলটি। অভিযোগে বলা হয়েছে, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে অপহরণ, গুম এবং কথিত ক্রসফায়ারের নামে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

সোমবার (১১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গুম, খুন এবং মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান অভিযোগপত্র জমা দেন।

অভিযোগে বিএনপি নেতা ইলিয়াস আলীসহ দলটির বহু নেতাকর্মীর গুম ও হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে।

বিএনপি নেতারা জানান, এর আগে ২০২৫ সালের ৯ জানুয়ারি একই ধরনের অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছিল। তবে দীর্ঘ সময় পার হলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় নতুন করে বিস্তারিত তথ্য-উপাত্তসহ অভিযোগ জমা দেওয়া হয়েছে।

দলটির দাবি, গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। তারা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে দ্রুত তদন্ত ও বিচার কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছেন।

This post was viewed: 6

আরো পড়ুন