লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অপর ব্যক্তি একজন সিরীয় নাগরিক বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
সোমবার (১১ মে) লেবাননের সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে জানায়, দেশটির নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি বাড়িতে এ হামলা চালানো হয়। নিহতরা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে নিহত দুই বাংলাদেশির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবরে বলা হয়, সাম্প্রতিক যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েল ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকায় ড্রোন ও বিমান হামলার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে ইসরায়েলি হামলার জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও পাল্টা ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। সীমান্তজুড়ে দুই পক্ষের উত্তেজনা আবারও বাড়তে শুরু করেছে।
গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে সেই সমঝোতার পরও দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল।