সাতক্ষীরা থেকে চট্টগ্রাম নেওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করেছে পুলিশ। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব আম পরে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে এ চালান আটক করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে কালিগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক থেকে ৩৫১ ক্যারেটভর্তি প্রায় ৯ হাজার কেজি আম উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মুনাফালোভী ব্যবসায়ীরা অপরিপক্ব আমগুলোতে বিষাক্ত কার্বাইড ব্যবহার করে কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাতের চেষ্টা করছিল, যা ভোক্তাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বুধবার দুপুরে জব্দকৃত আমগুলো সাতক্ষীরার বিনেরপোতা এলাকার পৌরসভার আবর্জনার ভাগাড়ে নিয়ে ধ্বংস করা হয়।