বিগত সরকার বিদ্যুৎ খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই বিপুল বকেয়া বর্তমান সরকারের জন্য বড় ধরনের অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে।
বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির সভায় অর্থমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, বিদ্যুৎ খাতের বকেয়ার পাশাপাশি জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি দেশের অর্থনীতিতে চাপ বাড়িয়েছে।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে সব খাতে কর ছাড় দেওয়া সম্ভব নয়। তবে ব্যবসা সহজীকরণে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এবং ধাপে ধাপে ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করা হবে। তিনি আরও বলেন, সরকার মুক্তবাজার অর্থনীতির নীতি অনুসরণ করছে এবং ব্যক্তিখাতের বিকাশের মাধ্যমেই অর্থনীতিকে শক্তিশালী করতে চায়। সম্ভাবনাময় রপ্তানি খাতগুলোকে তৈরি পোশাক শিল্পের মতো সহায়তা দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।