রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে নির্মাণ প্রকল্পে কর্মরত এক চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুটের ঘটনায় জড়িত ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গত মঙ্গলবার দিবাগত রাতে রাজেন্দ্রপুর আন্ডারপাস সংলগ্ন ‘ইয়াং জি জিয়াং’ নামক সুয়ারেজ প্রকল্প এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধারের পাশাপাশি রাজধানীর কদমতলী থেকে অস্ত্র ও গুলিসহ আরও দুইজনকে আটক করা হয়।
আক্রান্ত ওই চীনা নাগরিকের নাম ওয়েন জিনহুয়া (৫৫)। পুলিশ ও র্যাব সূত্রে জানা যায়, ঘটনার রাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল নির্মাণ প্রকল্পে অতর্কিত হামলা চালায়। শুরুতেই তারা প্রকল্পের নিরাপত্তারক্ষীকে হাত-পা বেঁধে ফেলে। এরপর দুর্বৃত্তরা ওয়েন জিনহুয়ার কক্ষে প্রবেশ করে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর কক্ষ থেকে দুটি আইফোন, একটি দামী ঘড়ি এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।