Ridge Bangla

শ্মশান থেকে মাথার খুলি নিয়ে চম্পট: ৩ যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জের হরিরামপুরে একটি মহাশ্মশান থেকে কঙ্কালের মাথার খুলি চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার ধূলশুড়া ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার পহেলা বৈশাখের দিন রাতে বোয়ালিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান ঘাটে চুরির এই ঘটনা ঘটে। চোরেরা শ্মশানে সংরক্ষিত মরদেহের মাথার খুলি নিয়ে চম্পট দেয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

এই ঘটনায় শ্মশান পরিচালনা কমিটির সভাপতি দ্বিজেন হালদার বাদী হয়ে হরিরামপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বোয়ালিয়া গ্রামের নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে রাজেশ বিশ্বাস (৩৪), বাবুরহাটি গ্রামের সুশীল সরকারের ছেলে শিশির সরকার (২১) এবং একই গ্রামের প্রতিত বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস (২২)।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং শ্মশান থেকে খুলি চুরির সুনির্দিষ্ট অভিযোগে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

This post was viewed: 8

আরো পড়ুন