Ridge Bangla

টানা পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৭ মার্চ) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

সোমবার থেকে বৃষ্টির পরিসর আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ওই দিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা এ সময় প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া মঙ্গলবার ও বুধবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, সময়ের শেষ দিকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে।

This post was viewed: 4

আরো পড়ুন