Ridge Bangla

হাসিনা–কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আজ

২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যা-সংক্রান্ত মামলায় দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বৃদ্ধি করে মৃত্যুদণ্ড দেওয়ার দাবিতে করা রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আজ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় মামলাটি অন্তর্ভুক্ত করা হয়। এর আগে, গত ১ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত শুনানির এ দিন ধার্য করেন। সেদিন রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি উপস্থাপন করেন তৎকালীন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। পরবর্তীতে মামলাটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।

গত ১৫ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আনুষ্ঠানিকভাবে আপিল আবেদন দাখিল করে। মানবতাবিরোধী অপরাধের একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলেও, সেই অভিযোগেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সাজা বৃদ্ধির জন্য আবেদন করা হয়। আপিলে দণ্ড বাড়ানোর পক্ষে আটটি পৃথক যুক্তি তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এক অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং অন্য অভিযোগে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। একই মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে আদালতে তথ্য-প্রমাণ দিয়ে সহযোগিতা করায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই আদালত বিচারপ্রক্রিয়া চালিয়ে যায় এবং মামলার কার্যক্রম সম্পন্ন করা হয়।

This post was viewed: 17

আরো পড়ুন