Ridge Bangla

পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া আত্মঘাতী: জামায়াত নেতা

নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনার অপচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, “পতিত ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী ছাড়া আর কিছু নয়।”

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে দেওয়া এক বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ আবারও বিভিন্ন স্থানে অফিস খুলে কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে। তিনি দাবি করেন, তাদের রাজনৈতিক বা প্রশাসনিক কোনো কার্যক্রম পরিচালনার বৈধ এখতিয়ার নেই।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিষয়ে বক্তব্য দিয়েছিলেন। জামায়াত নেতার অভিযোগ, এসব বক্তব্যের সুযোগ নিয়ে দলটি পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং সরকারের ‘ছাড় দেওয়ার মানসিকতা’ তাদের প্রত্যাশাকে উস্কে দিচ্ছে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় স্লোগান দিচ্ছে, যা জনগণের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করেছে। অতীতের জুলুম-নির্যাতনের পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে জুবায়ের বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা রক্ষায় অবিলম্বে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি দেশবাসীকে নিষিদ্ধ ঘোষিত দলটির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

This post was viewed: 4

আরো পড়ুন