বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্য জোটে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন দলটি আনুষ্ঠানিকভাবে জোটে যুক্ত হওয়ার মধ্য দিয়ে এই জোট এখন ১১ দলীয় নির্বাচনী ঐক্যে রূপ নিয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এটিএম মা’ছুম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে দেশপ্রেমিক ও চিন্তাশীল সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই ১০ দলীয় নির্বাচনী ঐক্য জোট গঠন করা হয় এবং এর ধারাবাহিকতায় বাংলাদেশ লেবার পার্টি এতে যোগ দিয়েছে। তিনি বলেন, এটি জোটের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ভবিষ্যতেও আধিপত্যবাদবিরোধী ও দেশপ্রেমিক আরও দল ও ব্যক্তিকে এই ঐক্যের আওতায় আনার চেষ্টা চলবে।
বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, একটি সুশাসনভিত্তিক ও জনগণের কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা এই জোটে যুক্ত হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই ঐক্যের মাধ্যমে দেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আব্দুর রব, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল ও তোফাজ্জল হোসেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেনসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ।