আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে নিযুক্ত হয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এ নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের সামগ্রিক সমন্বয়ের দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রীয়াজ।
এর আগে তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
অধ্যাপক আলী রীয়াজ ২০০২ সাল থেকে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। বর্তমানে তিনি ঐ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের একজন ডিস্টিংগুইশড অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তার অ্যাকাডেমিক ও নীতিগত অভিজ্ঞতা আসন্ন নির্বাচনী প্রচারণার সচেতনতা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।