Ridge Bangla

খালেদা জিয়া কোনো দলের নয়, দেশের সবার নেত্রী: ডা. তাহের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে জমায়াতে ইসলামী’র নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, খালেদা জিয়া কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়, বরং পুরো দেশের মানুষের নেত্রী। সোমবার বিকেলে ইউনাইটেড হাসপাতালে হৃদরোগের চিকিৎসা শেষে বাসায় ফেরার পথে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামী নির্বাচনকে সামনে রেখে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা, বোঝাপড়া ও নীতিগত ঐক্য জোরদার করা জরুরি। তিনি রাজনৈতিক দলগুলোসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান রাষ্ট্র ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে দায়িত্ব পালন করার।

নিজের চিকিৎসার বিষয়ে তিনি জানান, হৃদযন্ত্রে ব্লক অনুভব করায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক মনিরুজ্জামানের তত্ত্বাবধানে দ্রুত চিকিৎসা দেওয়া হয়। ব্লকটি কঠিন হওয়ায় চিকিৎসকদের মধ্যে ভিন্নমত ছিল। কেউ সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দিলেও তিনি ঢাকাতেই চিকিৎসা গ্রহণ করেন। পরে সফলভাবে চিকিৎসা সম্পন্ন হয়।

বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. তাহের বলেন, তিনি গণতান্ত্রিক নেতৃত্বের প্রতীক। তার আপসহীন নেতৃত্ব দেশকে গত দেড় দশক ধরে বিদেশি আধিপত্য থেকে রক্ষা করেছে বলেও দাবি করেন তিনি। জামায়াতের পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন ডা. তাহের।

This post was viewed: 34

আরো পড়ুন