Ridge Bangla

আমতলীতে বাসে আগুন, ছাত্রলীগ–যুবলীগের পাঁচজন আটক

বরগুনার আমতলীতে সড়কের পাশে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পাঁচ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রাতে আমতলী ফেরিঘাট সংলগ্ন বাঁধঘাট চৌরাস্তার পাশে পার্ক করা স্বর্ণা পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে তা নিয়ন্ত্রণে আনে। বাসের ভেতরে কেউ না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

ঘটনার পর পুলিশ আমতলীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। তারা হলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আতাউর রহমান রাসেল, গুলিসাখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পারভেজ খান, পৌর যুবলীগ সদস্য তম্ময় গাজী, পৌর ছাত্রলীগের সাবেক সদস্য কাওছার আহমেদ রনি এবং সাবেক ছাত্রলীগ কর্মী ছগির মল্লিক।

আমতলী থানার তদন্ত কর্মকর্তা মো. আমির হোসেন সেরনিয়াবাদ জানান, অগ্নিসংযোগের পরপরই অভিযান চালিয়ে সংশ্লিষ্ট পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

This post was viewed: 29

আরো পড়ুন