Ridge Bangla

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন: আইন উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচন সময়মতো হবে এবং কোনো বিলম্বের সম্ভাবনা নেই- এমন কথা আবারো বলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (৯ নভেম্বর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। “রাজনৈতিক দলগুলো মাঝে মাঝে চাপ সৃষ্টি করার চেষ্টা করে। তবে জনগণ যেন বিভ্রান্ত না হয়, এজন্য আমরা সব ব্যবস্থা গ্রহণ করছি। উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করার জন্য যা করা প্রয়োজন, তা করা হবে।”

তিনি আরও বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর পর নির্বাচন হওয়ায় কিছুটা শঙ্কা জনমনে থাকতে পারে। “প্রায় ৫ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি। সাধারণ মানুষ অধীর আগ্রহে ভোটের অপেক্ষায় রয়েছে, তাদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে,” উল্লেখ করেন আইন উপদেষ্টা।

আসামিদের জামিন নিয়ে তিনি বলেন, জামিন দেওয়া শুধুমাত্র বিচারকের ওপর নির্ভরশীল নয়, পুলিশ রিপোর্ট ও প্রমাণের ওপরও এটি নির্ভর করে। তবে যারা জামিন নিয়ে পুনরায় অপরাধ করতে পারে বা দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে, তাদের অতিরিক্ত জামিনে সতর্ক থাকা দরকার।

তিনি জানান, আদালতের কাজের চাপ কমাতে বিচারকের বদলে তিনজন বিচারক দেওয়া হচ্ছে। “আদালত সংস্কারে নানান উদ্যোগ নেওয়া হচ্ছে। এর সুফল অবশ্যই জনগণ পাবে।”

This post was viewed: 31

আরো পড়ুন