Ridge Bangla

আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে জাভিয়ের মিলে’র ঐতিহাসিক বিজয়

আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলে এক ঐতিহাসিক বিজয় লাভ করেছেন। দেশটির মধ্যবর্তী নির্বাচনে তাঁর দল লা লিবারতাদ আবানজা উচ্চকক্ষ ও নিম্নকক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। রোববার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে তাঁর দল প্রায় ৪১ শতাংশ ভোট পেয়ে সিনেটের ২৪টি আসনের মধ্যে ১৩টি এবং নিম্নকক্ষের ১২৭টি আসনের মধ্যে ৬৪টি জয় করেছে।

নির্বাচনের এই ফলাফলকে মিলে’র জন্য বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এর ফলে তিনি তাঁর বিতর্কিত কঠোর ব্যয়সংকোচন ও মুক্তবাজার সংস্কার কর্মসূচি আরও সহজে বাস্তবায়ন করতে পারবেন। নির্বাচনের ফল ঘোষণার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়ে বলেন, “সে আমাদের সবাইকে গর্বিত করছে।” ট্রাম্প নির্বাচনের আগেই ইঙ্গিত দিয়েছিলেন, আর্জেন্টিনার জন্য নির্ধারিত ৪০ বিলিয়ন ডলারের সহায়তা মিলে’র রাজনৈতিক গতি বজায় রাখার ওপর নির্ভর করবে।

সমর্থকদের উদ্দেশে জয়ী মিলে বলেন, “আমাদের শুরু করা সংস্কারের পথকে আরও সুদৃঢ় করতে হবে—আর্জেন্টিনার ইতিহাস বদলাতে হবে, একবারে ও চিরতরে… আমাদের আর্জেন্টিনাকে আবার মহান করতে হবে!”

নির্বাচনের ফল ঘোষণার পর বুয়েনোস আইরেসে শত শত সমর্থক আনন্দে উল্লাস প্রকাশ করেন। দিওনিসিও নামের এক তরুণ ভোটার বলেন, “এখন সংসদে মিলে’র যথেষ্ট আসন আছে, এক বছরের মধ্যেই দেশ বদলে যাবে।” এজিকিয়েল নামের আরেকজন তরুণ বিবিসি নিউজকে বলেন, “পূর্ববর্তী সরকারগুলোর ব্যর্থতায় আমাদের প্রদেশ ধ্বংস হয়েছিল। আজ স্বাধীনতা জয়ী হয়েছে—আমাদের সন্তান যেন এই সুন্দর দেশে গর্ব নিয়ে বড় হতে পারে।”

This post was viewed: 39

আরো পড়ুন