চলতি অক্টোবর মাসের প্রথম ২৫ দিনেই দেশে এসেছে ২ বিলিয়ন (২০৩ কোটি ২৯ লাখ) মার্কিন ডলারের রেমিট্যান্স। যা দেশীয় মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকার সমপরিমাণ। প্রবাসী আয় বৃদ্ধির এ ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২৬ অক্টোবর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের প্রথম ২৫ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৪৬ লাখ ৪০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংক পেয়েছে ১৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার ডলার। অন্যদিকে, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বাধিক ১৪৪ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ লাখ ৭০ হাজার ডলার।
চলতি ২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে ১৮ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৯১৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে (২০২৪ সালের ১৩ অক্টোবর পর্যন্ত) এই অঙ্ক ছিল ৮০৬ কোটি ৬০ লাখ ডলার। অর্থবছর ভিত্তিতে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬ শতাংশে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকায় রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে। হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ, রেমিট্যান্সে ২.৫ শতাংশ প্রণোদনা এবং ব্যাংকিং সেবার উন্নয়নই এই সাফল্যের মূল কারণ। তারা আশা করছেন, উৎসব মৌসুম ঘিরে এই প্রবৃদ্ধি আরও বাড়বে এবং প্রবাসী আয়ের ধারাবাহিকতা রিজার্ভকে আরও শক্তিশালী করবে।