Ridge Bangla

শনিবার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি আগামী শনিবার (২ আগস্ট) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, ডা. শফিকুর রহমানের হৃৎপিণ্ডের তিনটি প্রধান রক্তনালিতে জটিলতা ধরা পড়ায় চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। এ অবস্থায় আমিরের দ্রুত সুস্থতা ও সফল অস্ত্রোপচারের জন্য দেশ-বিদেশে অবস্থানরত নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “প্রিয় রাহবারের সফল অস্ত্রোপচার ও দ্রুত আরোগ্য কামনায় সবাই নফল ইবাদতের মাধ্যমে দোয়া করুন। নফল সালাত, নফল রোজা ও আল্লাহর রাস্তায় দান-সদকার মাধ্যমে দোয়া করা যেতে পারে।”

তিনি আরও বলেন, “আগামীকাল জুমার দিনে মসজিদে-মসজিদে দ্বিনি ভাইদের সঙ্গে নিয়ে বিশেষ মোনাজাতের আয়োজন করুন, যেন আল্লাহ তা’য়ালা প্রিয় আমিরকে পূর্ণ সুস্থতা ও শক্তি দান করে দ্বীনের ময়দানে ফিরিয়ে আনেন।”

জামায়াতের পক্ষ থেকে দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আমিরের দ্রুত আরোগ্যের জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

This post was viewed: 31

আরো পড়ুন