Ridge Bangla

ভারতে কারাভোগ শেষে ১৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন

বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে আটক হওয়া ১৪ বাংলাদেশি নাগরিক কারাভোগ শেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে রয়েছেন মো. ইসমাইল, হারুন মজুমদার, পাপিয়া আক্তার, লিজা খানম, লিজা খাতুন, আশা মণি, মফিজুল ইসলাম, তাহিয়াতুন নেসা, আখি ইসলাম, সঞ্জয় সরকার, স্বপন সরকার, যিশু কান্তি দাস, বিপুল দাস ও সুশেন দাস। তাদের বাড়ি ফেনী, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নড়াইল, চাঁদপুর, খুলনা, নেত্রকোণা ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে।

ভারতের আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় ইমিগ্রেশন কার্যক্রম শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে।

ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের ডেপুটি ম্যানেজার শায়লা শারমিন জানান, ফেরত আসাদের জরুরি খাদ্য সহায়তা ও আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সহকারী হাইকমিশনের কনস্যুলার অ্যাসিস্টেন্ট ওমর শরীফ বলেন, কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করায় তারা আটক হন। আদালতের আদেশে কারাভোগ শেষে দেশে ফেরত পাঠানো হয়। বর্তমানে আগরতলার অস্থায়ী কারাগারে আরও ৩৩ জন বাংলাদেশি আছেন, যাদের পুশব্যাকের প্রক্রিয়া চলমান রয়েছে।

This post was viewed: 52

আরো পড়ুন