চাঁদপুরের হাজীগঞ্জে পরিবহন শ্রমিকদের ওপর হামলা ও বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা-চাঁদপুর রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। বুধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে বোগদাদ ও আইদি পরিবহনের অন্তত ১৫টি বাস ভাঙচুর করে। হামলায় প্রায় ২০ জন শ্রমিক আহত হয়েছেন বলে দাবি করা হলেও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, আহত অবস্থায় ১২ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন শ্রমিকরা জানান, রাতের বেলায় স্কুল মাঠে রাখা বাসগুলোর ভেতরে অবস্থানরত শ্রমিকদের ওপর হঠাৎ একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় শ্রমিকদের মারধরের পাশাপাশি একের পর এক বাসে ভাঙচুর চালানো হয়।
This post was viewed: 6