স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জানাতে থানায় গিয়ে ইজিবাইকচালক মারুফ হত্যার তথ্য দিয়েছেন এক নারী। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনার হরিণটানা এলাকার একটি বাড়ির আঙিনা খুঁড়ে মাটিচাপা দেওয়া গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে হরিণটানা থানার মোস্তফার মোড় রেললাইনসংলগ্ন আবাসিক এলাকার একটি বাড়ির আঙিনা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, সোমবার সকালে থানায় গিয়ে স্বামী মুরাদ মোল্লার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন ফাল্গুনী খাতুন।
অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ইজিবাইকচালক মারুফকে হত্যার তথ্য দেন ফাল্গুনী। তিনি জানান, চলতি বছরের রমজান মাসের এক রাতে মারুফকে তাদের বাড়িতে ডেকে আনা হয়েছিল।
ফাল্গুনীর দেওয়া তথ্য অনুযায়ী, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে মারুফকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার মরদেহ বাড়ির আঙিনায় পুঁতে রাখা হয়।
এরপর মারুফের ইজিবাইকটি টুকরো টুকরো করে বিভিন্ন অংশ বিক্রি করে দেওয়া হয় বলেও পুলিশকে জানিয়েছেন ফাল্গুনী।
পুলিশ জানায়, এসব তথ্য পাওয়ার পর ওই দম্পতির বাড়ির আঙিনায় খনন চালানো হয়। একপর্যায়ে মাটির নিচ থেকে গলিত মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় মুরাদ মোল্লা ও ফাল্গুনী খাতুনকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।