সিলেটে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা। চলমান পরিস্থিতিতে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে তীব্র চাপ। এ পর্যন্ত সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে ২৬ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
রোববার (১০ মে) সকাল পর্যন্ত সিলেটের ১০০ শয্যার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের হাম ডেডিকেটেড ইউনিটে ভর্তি ছিল ১১৪ শিশু। শয্যার তুলনায় রোগী বেশি হওয়ায় একাধিক শিশুকে একই সিটে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২২ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ জন।
এছাড়া সুনামগঞ্জ সদর হাসপাতাল, ছাতক, দিরাই, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি রয়েছে।
এ পর্যন্ত নমুনা পরীক্ষায় সিলেট বিভাগে ১৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে সিলেটে ল্যাব পরীক্ষার সুযোগ সীমিত থাকায় অধিকাংশ শিশুকে উপসর্গের ভিত্তিতেই চিকিৎসা দেওয়া হচ্ছে। জটিল রোগীদের নমুনা ঢাকায় পাঠিয়ে পরীক্ষা করা হচ্ছে।