Ridge Bangla

শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুন, আগে কারাগারে যেতে হবে: শামা ওবায়েদ

গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত বা বাংলাদেশ- যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, তাকে প্রথমে কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা ভারত বা বাংলাদেশে যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে। দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য সরকারের আমলে নেয়ার কিছু নেই। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে।

বিদেশে অবস্থান করে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়েও কথা বলেন শামা ওবায়েদ।

তিনি বলেন, আসামি যদি আত্মসমর্পণ না করে বিদেশে বসে বক্তব্য দেয়, তাহলে আমি মনে করি উনি (শেখ হাসিনা) রাজনৈতিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা পালিয়ে আছেন, লুকিয়ে আছেন, তাদের জাগ্রত-উজ্জীবিত করার জন্য বলছেন। এছাড়া তো কোনো কারণ আমি দেখছি না।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে প্রক্রিয়া (দেশে ফেরানো) শুরু হয়েছে, যেভাবে যেকোনো দেশের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়া রয়েছে, সেই কূটনীতিতে সেটা চলছে এবং যেকোনো আসামি যদি আত্মসমর্পণ করে তাহলে দেশের বিদ্যমান আইনের আওতায় যা প্রয়োজন, সেটাই হবে।

This post was viewed: 4

আরো পড়ুন