Ridge Bangla

শিক্ষা ব্যবস্থা দক্ষতাভিত্তিক ও যুগোপযোগী হবে: শিক্ষামন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা দেশের বেকারত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, এই ধারা পরিবর্তন করে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে কর্মমুখী, দক্ষতাভিত্তিক ও যুগোপযোগী করা হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই আলোচনা সভার আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষা বেকারত্ব বাড়ানোর হাতিয়ার নয়, বরং দক্ষ মানবসম্পদ গঠনের গুরুত্বপূর্ণ উপকরণ। কর্মমুখী শিক্ষার বিস্তার এখনও প্রয়োজনের তুলনায় সীমিত।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দক্ষ, কর্মক্ষম ও উৎপাদনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থার নতুন কাঠামো গড়ে তোলা হবে।

ড. এহছানুল হক মিলন জানান, নতুন শিক্ষা প্রতিষ্ঠান বা বিষয় চালুর ক্ষেত্রে বাজারের চাহিদা ও বাস্তব উপযোগিতাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বাংলা আমাদের চিন্তা ও অনুভূতির প্রধান মাধ্যম। তবে বিশ্বায়নের যুগে টিকে থাকার জন্য দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শেখা জরুরি। পাশাপাশি দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাসমূহ সংরক্ষণ ও বিকাশে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

This post was viewed: 13

আরো পড়ুন