Skip to main content

Ridge Bangla

রাতের লাউডস্পিকার, আতশবাজি ও জুয়া নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে হাইকোর্টের রুল

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনসহ বিভিন্ন দিবস উদ্‌যাপনের সময় রাতে লাউডস্পিকার ও আতশবাজির ব্যবহারজনিত শব্দদূষণ, জনদুর্ভোগ এবং প্রতিদ্বন্দ্বী সমর্থকদের সংঘর্ষ ঠেকাতে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জুয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) সুপ্রিম কোর্টের আট আইনজীবীর করা জনস্বার্থে রিটের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলের জবাব দিতে স্বরাষ্ট্রসচিব, যুব ও ক্রীড়াসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

রিট আবেদনকারী আইনজীবীরা হলেন মোহাম্মদ শফিকুল ইসলাম, মো. মহিউদ্দিন, ইয়াসিন আলফাজ, সাইফুল্লাহ খালেদ, মোহাম্মদ ওয়াহিদুল আলম, মো. রায়হান সোবহান, মো. আবু দাউদ নিজাম এবং শেখ শরিফ উদ্দিন ফিরোজ।

আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর মোহাম্মদ আজমী ও ইউনুস আলী রবি।

This post was viewed: 4

আরো পড়ুন