যশোরের বাঘারপাড়ায় পূর্বশত্রুতার জেরে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাজুরা তেলপাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন বন্দবিলা ইউনিয়নের তেলীধান্যপুড়া গ্রামের মৃত মুনতাজ ঢালীর ছেলে। তিনি বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, পূর্বশত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেলের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাই রাজিব হোসেন জানান, পূর্বশত্রুতার কারণে রাব্বি হোসেন ধারালো অস্ত্র দিয়ে রুবেলের বুক, পিঠ ও মুখে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বেলা ১১টা ৫০ মিনিটে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. কিসমত আরা জানান, রুবেল হোসেনকে জরুরি বিভাগে মৃত অবস্থায় পেয়েছি। তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। ধারণা করছি অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জালাল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। হত্যাকাণ্ডের কারণ ও এর পেছনের ঘটনা জানতে তদন্ত চলছে।
অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।