যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে বাকি মাত্র একদিন থাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। একই সঙ্গে দুই দেশের দ্বিতীয় দফা শান্তি আলোচনাও অনিশ্চিত হয়ে পড়েছে।
পরিস্থিতির অবনতি ঘটে যুক্তরাষ্ট্রের একটি ইরানি কার্গো জাহাজ জব্দের ঘটনার পর। ওয়াশিংটনের দাবি, জাহাজটি নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল। এ ঘটনার পর পাল্টা হুঁশিয়ারি দেয় তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে নতুন কোনো আলোচনার পরিকল্পনা তাদের নেই।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পাকিস্তানে ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। তবে এ বিষয়ে ইরান এখনো কোনো নিশ্চিত অবস্থান জানায়নি। মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদের পথে থাকলেও আলোচনায় তেহরানের অংশগ্রহণ অনিশ্চিত।
এই রাজনৈতিক অস্থিরতার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ছাড়িয়েছে। একই সময়ে ডব্লিউটিআই তেলের দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।