পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় পরীক্ষা দিয়েছেন এসএসসি পরীক্ষার্থীরা। আজ রোববার (২৬ এপ্রিল) রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
পরীক্ষা কেন্দ্রে এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা। এ সময় অনেকেই অভিযোগ করেন, তীব্র গরমে বিদ্যুৎহীন অবস্থায় পরীক্ষা দিতে গিয়ে বেহাল দশায় পড়তে হয়েছে তাদের।
কেন্দ্রের সচিব ও ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। পরীক্ষাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরুর আগে বিদ্যুৎ না থাকায় বারবার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি। পরে ঝড়বৃষ্টি শুরু হলে বড় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা সম্পন্ন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় জানিয়েছে, মিঠাপুকুরের ওই কেন্দ্রটিতে ১৭টি কক্ষে ৮৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তবে সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের। এ সময় বাধ্য হয়ে মোমবাতির আলোয় পরীক্ষা নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।