বাংলাদেশের নতুন অধ্যায়ে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এ কথা জানিয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। সারাহ কুক বলেন, নতুন পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে তার বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দায়িত্ব গ্রহণের জন্য তিনি মন্ত্রীকে অভিনন্দন জানান। বৈঠকে দুই দেশের মধ্যকার অংশীদারিত্বের শক্তি ও গভীরতা পুনর্ব্যক্ত করা হয়।
তিনি জানান, আলোচনায় অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন ব্যবস্থাপনা, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয় গুরুত্ব পেয়েছে। এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে ব্রিটিশ হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। দেশের এই নতুন অধ্যায়ে সেই সম্পর্ককে আরও শক্তিশালী করতে যুক্তরাজ্য ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে আগ্রহী।