দীর্ঘ ১৪ বছর পর আবারও বাংলাদেশের কোনো নারী পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন। বুধবার (২৭ মে) ভোরে পর্বতারোহী নুরুন্নাহার নিম্মি এভারেস্টের চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা উড়ান। বিষয়টি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)।
জানা গেছে, নেপালের এইটকে এক্সপেডিশনের একজন শেরপার সহায়তায় নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে তিনি শিখরে পৌঁছান।
গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালের উদ্দেশে যাত্রা শুরু করেন নিম্মি। কাঠমান্ডু ও লুকলা হয়ে তিনি এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছানোর পর ধাপে ধাপে উচ্চতার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার প্রস্তুতি নেন। পরবর্তীতে ১৭ মে চূড়ান্ত অভিযানের জন্য বেজক্যাম্প ছেড়ে ২৩ মে ক্যাম্প-৪-এ পৌঁছে শিখরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
নুরুন্নাহার নিম্মির এই অর্জনের মাধ্যমে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনের পর আবারও বাংলাদেশের নারী পর্বতারোহণে নতুন ইতিহাস যুক্ত হলো। এর আগে ২০১০ সালে মুসা ইব্রাহীম প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন।