Ridge Bangla

বন্যা ও পাহাড়ধসে ৭ জেলায় ৫৪ জনের মৃত্যু, পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের ৭ জেলায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। দুর্যোগকবলিত এলাকাগুলোতে ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকাশিত হালনাগাদ পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যাকবলিত। এসব জেলার মোট ৫৯টি উপজেলা প্লাবিত হয়েছে।

এ ছাড়া বন্যা ও পাহাড়ি ঢলে ৩৩৪টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭ জেলায় মোট ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার এখনও পানিবন্দি অবস্থায় রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের মোট সংখ্যা ৬ লাখ ৯ হাজার ৪১১। এসব দুর্যোগে এখন পর্যন্ত ৫৪ জনের প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছেন ৩৯ জন।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কক্সবাজারে। জেলাটিতে ৩১ জন প্রাণ হারিয়েছেন। চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে।

আহতদের মধ্যে কক্সবাজারের ২৪ জন এবং চট্টগ্রামের ১২ জন রয়েছেন। এ ছাড়া বান্দরবানে ২ জন ও খাগড়াছড়িতে ১ জন আহত হয়েছেন।

বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি আশ্রয়ের জন্য সরকারিভাবে ১ হাজার ৪২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে ইতোমধ্যে ৩৮ হাজার ৪২২ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

This post was viewed: 3

আরো পড়ুন