Ridge Bangla

ফেসবুকে দেওয়া দীর্ঘ পোস্টে দুর্নীতি নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পুলিশের মধ্যে ‘ম্যানেজ’ সংস্কৃতি ও দুর্নীতির পেছনে মূলত প্রাতিষ্ঠানিক সংকট কাজ করছে। তিনি দাবি করেন, মামলার তদন্তে অপ্রতুল বাজেট, অতিরিক্ত কর্মঘণ্টা এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব পুলিশ সদস্যদের অনাকাঙ্ক্ষিত উপায়ে অর্থ সংগ্রহে বাধ্য করছে।

সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, খুন ও ডাকাতির মতো গুরুতর মামলার তদন্তে একজন তদন্ত কর্মকর্তাকে মাত্র ৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। অথচ একটি মামলার তদন্ত শেষ হতে দীর্ঘ সময় লাগে এবং এ সময় একাধিকবার তদন্ত কর্মকর্তাও বদলি হন। ফলে ঘটনাস্থল পরিদর্শনসহ প্রাথমিক কাজেই পুরো অর্থ শেষ হয়ে যায়।

তিনি আরও উল্লেখ করেন, অর্থ পাচারের মতো জটিল মামলার তদন্তে বরাদ্দ মাত্র ৩ হাজার টাকা, যা বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তার ভাষ্য, হাজার হাজার কোটি টাকা পাচারের তথ্য উদঘাটন ও চার্জশিট দাখিলের জন্য এ ধরনের বরাদ্দ যথেষ্ট নয় এবং এতে অপরাধ প্রমাণ করাও কঠিন হয়ে পড়ে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, অনেক ক্ষেত্রে আদালতে যাতায়াত, সাক্ষ্য প্রদান ও তদন্তসংক্রান্ত বিভিন্ন ব্যয়ের জন্য সরকারি বরাদ্দ না থাকায় পুলিশ সদস্যদের ব্যক্তিগত অর্থ ব্যয় করতে হয়। সীমিত বেতনে কর্মরত কনস্টেবল, এএসআই ও এসআইদের জন্য এটি বড় চাপ তৈরি করছে বলেও তিনি মন্তব্য করেন।

পুলিশ সদস্যদের কর্মপরিবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অন্যান্য সরকারি চাকরিজীবীরা সপ্তাহে দুই দিন ছুটি পেলেও পুলিশের ক্ষেত্রে সাপ্তাহিক ছুটি প্রায় নেই। প্রতিদিন ১৫ থেকে ১৬ ঘণ্টা দায়িত্ব পালন করা সদস্যদের জন্য ওভারটাইম সুবিধা চালুর দাবি জানিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আশ্বাস দিয়েছেন, এখন প্রয়োজন বাস্তবায়ন।

এছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের জন্য মানসম্মত ও স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান করে তিনি বলেন, জনগণের একটি বড় অংশ এখনও বিপদে পড়লে পুলিশের কাছে যেতে দ্বিধাবোধ করে। এই অবিশ্বাস দূর করতে পুলিশের পেশাগত স্বাধীনতা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, আইনবহির্ভূত নির্দেশ প্রত্যাখ্যান করার মানসিকতা পুলিশের মধ্যে গড়ে তুলতে হবে। বেআইনি আদেশ পালন না করার কারণে যাতে কোনো পুলিশ সদস্য হয়রানির শিকার না হন, সে জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবিও জানান তিনি।

একই সঙ্গে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন ও পদোন্নতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, পুলিশের পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা তাদের অঙ্গীকার। তবে পুলিশ বাহিনী নিজেও এই স্বাধীনতা অর্জনে কতটা প্রস্তুত, সেই প্রশ্নও তিনি তুলেছেন।

This post was viewed: 6

আরো পড়ুন