নেত্রকোণার কেন্দুয়ায় পাওনা দুই হাজার টাকা নিয়ে বিরোধের জেরে মিলন মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবক ও তার মাকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের দলপা দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া ওই গ্রামের আমজদ আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশী মোমিন মিয়ার ছেলে ইমন মিয়া নিহত মিলনের কাছে দুই হাজার টাকা পেতেন। বুধবার সকালে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় মিলনের এক আত্মীয় ইমনের মা হাবিয়া আক্তারকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে ইমন ঘর থেকে ধারালো দা এনে মিলনের ঘাড়ে কোপ দেন।
গুরুতর আহত অবস্থায় মিলন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত ইমন মিয়া ও তার মা হাবিয়া আক্তারকে আটক করে গণধোলাই দেয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, পাওনা দুই হাজার টাকা নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে।
তিনি বলেন, টাকা চাওয়াকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে ইমন ধারালো দা দিয়ে মিলনের ঘাড়ের পেছনে আঘাত করেন। এ ঘটনায় মূল অভিযুক্ত ইমন ও তার মাকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।