নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ওপর উৎসে কর বাড়ানোর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রস্তাব অনুযায়ী, চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, রসুন, আলুসহ অন্তত ২৮টি কৃষি ও খাদ্যপণ্যের স্থানীয় সরবরাহে উৎসে করের হার বর্তমান ০ দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করা হতে পারে। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সামনে রেখে এ প্রস্তাব চূড়ান্ত করা হচ্ছে বলে জানা গেছে।
এনবিআর সূত্র বলছে, রাজস্ব ঘাটতি মোকাবিলা এবং কর আদায় বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, করহার বাড়ানো হলে বছরে অতিরিক্ত প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব আদায় সম্ভব হতে পারে।
তবে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, উৎসে কর বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে বাজারদরে। ব্যবসায়ীরা অতিরিক্ত করকে উৎপাদন ও সরবরাহ ব্যয়ের অংশ হিসেবে বিবেচনা করায় শেষ পর্যন্ত পণ্যের দাম বাড়তে পারে।
প্রস্তাবিত তালিকায় ধান, চাল, গম, আটা, ময়দা, লবণ, চিনি, ভোজ্যতেল, বিভিন্ন মসলা ও ফলসহ নানা পণ্য রয়েছে। এছাড়া রপ্তানি প্রণোদনায় কর বৃদ্ধি, প্যাকেজ ভ্যাট চালু এবং কিছু পণ্যে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর বিষয়ও বিবেচনায় রয়েছে।