আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল নিরপেক্ষভাবে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার কমিশনার, ইসির সিনিয়র সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সরকারের ৩১ বিভাগের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
ইসি সচিব বলেন, ‘প্রতি ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার প্রয়োজন। ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজারের বেশি হওয়ায় যথাযথ ও নিরপেক্ষ কর্মকর্তাদের প্রস্তুতিতে কাজ চলছে। এবার স্কুল, কলেজ ও সরকারি ব্যাংকে কর্মরত কর্মকর্তারাও অন্তর্ভুক্ত করা হবে, যাতে বৃহৎ ও বৈচিত্র্যময় তালিকা তৈরি হয়।’
তিনি জানান, ভোটকেন্দ্রে যাতায়াতের জন্য রাস্তা মেরামত ও অবকাঠামো উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে। পার্বত্য বা দুর্গম এলাকায় হেলিকপ্টার সার্ভিসের জন্য হেলিপ্যাড তৈরি করা হবে। প্রবাসী ও নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভোট প্রদানের জন্য পোস্টাল ব্যালট অ্যাপ চালু হবে।
প্রতীকের বিষয়ে তিনি বলেন, নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ১১৯টি প্রতীক চূড়ান্ত করা হয়েছে, যার মধ্যে নতুন যুক্ত হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক। নতুন দল নিবন্ধনের তথ্য যাচাইয়ের কাজ চলছে। গণভোটের বিষয়ে সিদ্ধান্ত সরকারের উপর নির্ভর করবে।