কুমিল্লার বুড়িচংয়ে বাইরে থেকে তালাবদ্ধ একটি বাসার ভেতর থেকে ইব্রাহিম (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমের সন্ধান পাওয়া যাচ্ছে না।
রোববার (১৩ জুলাই) বিকেলে মোকাম ইউনিয়নের নিমসার এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম ওই এলাকার ফরিদ মিয়ার ছেলে। পেশায় তিনি পিকআপ ভ্যানচালক ছিলেন।
পুলিশ জানিয়েছে, কয়েক দিন ধরে ঘরটির দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। রোববার দুপুরে পাশের কক্ষের ভাড়াটিয়ারা ওই ঘর থেকে তীব্র দুর্গন্ধ পান। পরে তারা বিষয়টি বাড়ির মালিককে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইব্রাহিমের ঝুলন্ত অর্ধগলিত মরদেহ দেখতে পান পুলিশ সদস্যরা।
পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পারিবারিক সূত্র জানিয়েছে, প্রথম স্ত্রী ও সন্তান থাকা অবস্থায় প্রায় ৬ মাস আগে দ্বিতীয় বিয়ে করেন ইব্রাহিম। এরপর দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমকে নিয়ে নিমসারের ওই ভাড়াবাসায় থাকতে শুরু করেন তিনি।
প্রথম স্ত্রী ও সন্তানের ভরণ-পোষণের বিষয় নিয়ে ইব্রাহিমের সঙ্গে রেহেনার প্রায়ই কলহ হতো বলে জানিয়েছে পরিবার।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। মরদেহের অবস্থা ও ঘটনাস্থলের আলামত বিবেচনায় এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমের কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।