Ridge Bangla

ড. ইউনূস নিজ হাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার তালিকা সংশোধন করেছেন: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূস নিজ হাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের তালিকায় পরিবর্তন এনেছেন। বিশেষ করে এনজিও-সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে তিনি নিজেই নাম যুক্ত করেছেন।

গত শুক্রবার এক বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়টি ছাত্রনেতাদের পক্ষ থেকে শুরু থেকেই চূড়ান্তভাবে নির্ধারিত ছিল। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, ড. ইউনূস ছাড়া অন্য কেউ প্রধান উপদেষ্টা হতে পারবেন না। যদিও সে সময় তিনি ফ্রান্সে অবস্থান করছিলেন এবং হাসপাতালে অস্ত্রোপচার চলায় নিয়মিত যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না।

রাষ্ট্রপতি জানান, ড. ইউনূসের দেশে ফেরার বিলম্বের কারণে সরকার গঠনের প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছিল। তখন অস্থায়ীভাবে অন্য কাউকে প্রধান উপদেষ্টা করা যায় কি না, এ বিষয়ে আলোচনা হয়। তবে ছাত্রনেতারা আপত্তি জানান এবং বলেন, তারা ড. ইউনূসকে ছাড়া অন্য কাউকে মানবেন না। রাজনৈতিক নেতারাও ছাত্রদের এই অবস্থানের প্রতি সমর্থন জানান।

ড. ইউনূস দেশে ফেরার নিশ্চয়তা মেলায় অন্তর্বর্তী সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। ঢাকায় পৌঁছানোর পর তিনি বিমানবন্দরের লাউঞ্জে সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। এই বৈঠকেই উপদেষ্টাদের চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হয়।

রাষ্ট্রপতি আরও বলেন, আগে থেকেই বঙ্গভবনে তিন বাহিনী প্রধান ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা ভিত্তিক একটি খসড়া তালিকা প্রস্তুত ছিল। ড. ইউনূস সেখানে কিছু নাম বাদ দেন এবং নিজের পছন্দ অনুযায়ী নতুন কয়েকজনের নাম যুক্ত করেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করে।

This post was viewed: 20

আরো পড়ুন