টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার (১৩ জুলাই) সকাল থেকে হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকায় অনেক শিক্ষার্থীকে পানি মাড়িয়ে, আবার কাউকে নৌকায় করে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে।
কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং কুমিল্লা সরকারি কলেজসহ একাধিক পরীক্ষাকেন্দ্রের সামনে ও ভেতরে হাঁটুসমান পানি জমে যায়। এতে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি বাড়ে। অনেক শিক্ষার্থী ভেজা কাপড় ও জুতা পরেই পরীক্ষার হলে প্রবেশ করেন।
সকাল থেকেই নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হয়। ফলে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পরীক্ষার্থীদের অনেক আগেই বাসা থেকে বের হতে হয়েছে। কেউ রিকশা থেকে নেমে হেঁটে, আবার কেউ বিকল্প উপায়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করেন।
পরীক্ষার্থীদের অভিভাবকদের ভাষ্য, একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার দিনে এমন জলাবদ্ধতা শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভেজা অবস্থায় কেন্দ্রে পৌঁছানোর কারণে অনেক শিক্ষার্থী মানসিক চাপের মধ্যেও পরীক্ষা দিতে বাধ্য হয়েছে।
নগরীর জিলা স্কুল সড়ক, পুলিশ লাইনস, রেসকোর্স, চর্থা, ঠাকুরপাড়া, বিসিক শিল্পনগরী, গোবিন্দপুর, মুরাদপুর এবং শহরতলীর ছায়াবিতান এলাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা গেছে। বিভিন্ন বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও নিচু এলাকায় পানি ঢুকে পড়ায় আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে ড্রেন উপচে ময়লা-আবর্জনাযুক্ত পানি সড়কে ছড়িয়ে পড়ায় জনভোগান্তি আরও বেড়েছে।
কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনভর আরও ভারি বৃষ্টিপাত হতে পারে।