গাইবান্ধার পলাশবাড়ীর আলোচিত ব্যক্তি হরিদাস চন্দ্র তরনী দাসকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ। রোববার (১২ জুলাই) রাতে ঢাকার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
হরিদাসকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার আলম খান।
তিনি জানান, ঢাকা থেকে আসা অপরাধ তদন্ত বিভাগের একটি বিশেষ দল রোববার রাতে অভিযান পরিচালনা করে হরিদাস চন্দ্র তরনী দাসকে গ্রেপ্তার করেছে।
তবে তাকে কোন মামলায় বা কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
হরিদাস চন্দ্র তরনী দাস দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আলোচনায় ছিলেন। তার বিরুদ্ধে ভূমি দখল, দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ রয়েছে। অর্থপাচারের একটি মামলাও রয়েছে তার বিরুদ্ধে।
এর আগে ২০২২ সালের ৮ নভেম্বর বিভিন্ন কর্মকর্তা ও মন্ত্রীর ভুয়া পরিচয় ব্যবহার করে বদলি বাণিজ্য, দরপত্রবাজি এবং প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাতের মামলায় র্যাবের হাতে গ্রেপ্তার হন হরিদাস।
ওই মামলায় জামিন পাওয়ার পর তিনি পালিয়ে বেড়ান। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশে ফিরে মূর্তি ও ধর্মের নামে বিভিন্ন ধরনের প্রতারণা শুরু করেন বলে অভিযোগ রয়েছে।