রাঙামাটিতে টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়েছে। এর ফলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রটিতে বর্তমানে ৫টি ইউনিট থেকে ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
সোমবার (১৩ জুলাই) সকালে বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে হ্রদে পানির পরিমাণ বেড়েছে। বর্তমানে কেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
তিনি জানান, ২৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার এই কেন্দ্রে হ্রদের পানি কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন সর্বশেষ ৯৬ মেগাওয়াটে নেমেছিল। বৃষ্টিপাত অব্যাহত থেকে হ্রদে পানির পরিমাণ আরও বাড়লে বিদ্যুৎ উৎপাদনও বাড়বে।
বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, রুলকার্ভ অনুসারে বর্তমানে কাপ্তাই হ্রদে পানির স্তর থাকার কথা ৯৫ দশমিক ৯২ ফুট মীন সী লেভেল। তবে হ্রদে এখন পানির স্তর রয়েছে ১০০ দশমিক ৬০ ফুট মীন সী লেভেল।
কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট মীন সী লেভেল।