শীতের কুয়াশা ভেদ করে ভোরের আলো যখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, ঠিক তখনই শহরের ছাদ কিংবা খোলা মাঠে জমে ওঠে এক অন্যরকম উত্তেজনা। চোখ আকাশে স্থির, হৃদয়ে অদৃশ্য প্রতিযোগিতার চাপ- কবুতরের রেস যেন শুধু একটি খেলা নয়, বরং অনুভূতির এক গভীর জগৎ। বাংলাদেশে দিন দিন জনপ্রিয় হয়ে ওঠা এই খেলা শখ, সাধনা ও সামাজিক মিলনমেলার এক অনন্য সংমিশ্রণ।
কবুতরের রেস বা পায়রা দৌড় বিশ্বজুড়ে দুই শতাব্দীরও বেশি সময় ধরে পরিচিত। ইউরোপের বেলজিয়াম ও নেদারল্যান্ডস থেকে এর আধুনিক রূপের সূচনা হলেও এর শিকড় আরও পুরনো। একসময় বার্তা আদান-প্রদানে ব্যবহৃত এই পাখি আজ রূপ নিয়েছে প্রতিযোগিতার প্রতীকে। বিশেষভাবে প্রশিক্ষিত ‘রেসিং হোমার’ জাতের কবুতর শত শত কিলোমিটার পথ অতিক্রম করে নিজের লফটে ফিরে আসার অসাধারণ ক্ষমতা রাখে।
বাংলাদেশেও শীত মৌসুম এলেই বিভিন্ন সংগঠন ও ক্লাবের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরান ঢাকাকে কেন্দ্র করে গড়ে ওঠা নানা ক্লাব, যেমন এক ঝাঁক পায়রা, দিগন্ত মজলিস কিংবা বৃহত্তর উত্তরা ক্লাব, এই আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। অংশগ্রহণকারীরা ভোরবেলা দলবেধে নির্দিষ্ট দূরত্বে গিয়ে কবুতর ছেড়ে দেন, যা কখনো নরসিংদী, কখনো মানিকগঞ্জ বা কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত বিস্তৃত হয়। এরপর শুরু হয় অপেক্ষা- কে আগে ফিরে আসবে নিজের ঘরে!
এই প্রতিযোগিতার মূল আকর্ষণই হলো কবুতরের নিজ ঠিকানায় ফিরে আসার দক্ষতা। কবুতরের পায়ে লাগানো ইলেকট্রনিক চিপ বা রিংয়ের মাধ্যমে তাদের গতি ও সময় নির্ধারণ করা হয়। যে কবুতর সবচেয়ে দ্রুত নিজের লফটে ফিরে আসে, সেই হয় বিজয়ী। অনেক সময় প্রতিযোগিতা কয়েকদিন ধরে চলে এবং প্রতিদিনই নতুন নতুন উত্তেজনার জন্ম দেয়।
তবে এই রেসের পেছনে রয়েছে দীর্ঘ প্রস্তুতি ও কঠোর পরিশ্রম। ছোটবেলা থেকেই কবুতরকে প্রশিক্ষণ দেওয়া হয়; প্রথমে স্বল্প দূরত্ব, পরে ধীরে ধীরে বাড়ানো হয় সেই পরিসর। একজন পালনকারীর ধৈর্য, যত্ন ও দক্ষতাই নির্ধারণ করে তার কবুতরের সাফল্য। লালবাগের অভিজ্ঞ পালনকারী হাজি মো. রবিনের ভাষায়, “দুইটি ভালো জাতের কবুতর পালন করাই শতাধিক সাধারণ কবুতরের চেয়ে বেশি মূল্যবান।” তাঁর লফটে হাজারো কবুতরের মাঝে প্রতিটি পাখিই যেন আলাদা গল্প বলে।
কবুতরের রেস কেবল প্রতিযোগিতা নয়, এটি একধরনের অর্থনৈতিক কার্যক্রমেও পরিণত হয়েছে। ভালো জাতের কবুতরের দাম কয়েকশ টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকায় পৌঁছায়। বিশেষ করে যেসব কবুতর রেসে অংশ নেয় বা বিজয়ী হয়, তাদের চাহিদা ও মূল্য বহুগুণে বেড়ে যায়। এমনকি তাদের বংশধররাও বাজারে উচ্চমূল্যে বিক্রি হয়।
এই খেলাকে ঘিরে তৈরি হয়েছে এক অনন্য সামাজিক বন্ধন। বিভিন্ন বয়স ও পেশার মানুষ একত্রিত হয়ে এই রেস উপভোগ করেন। কিশোর থেকে প্রবীণ- সবার মাঝে থাকে সমান আগ্রহ ও উচ্ছ্বাস। রেসের দিনগুলোতে সংসার, ব্যবসা কিংবা ব্যক্তিগত ব্যস্ততা ভুলে গিয়ে সবাই মেতে ওঠেন এক ভিন্ন জগতে।
তবে এই আনন্দঘন আয়োজনের পাশাপাশি কিছু বিতর্কও রয়েছে। বিশেষ করে ব্যক্তিগত পর্যায়ে বাজি ধরার প্রবণতা নিয়ে অনেকের আপত্তি রয়েছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, এসব বাজি মূলত আনন্দ ও সম্মানের বিষয়, আর্থিক লোভের নয়। বর্তমানে প্রযুক্তির ছোঁয়ায় এই খেলায় এসেছে নতুন মাত্রা। ইলেকট্রনিক টাইমিং সিস্টেমের মাধ্যমে কবুতরের গতিবিধি নির্ভুলভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। ফলে প্রতিযোগিতা আরও স্বচ্ছ ও আকর্ষণীয় হয়ে উঠেছে।
কবুতরের রেস আজ শুধু একটি খেলা নয়; এটি একদিকে যেমন বিনোদনের উৎস, তেমনি অন্যদিকে সম্ভাবনাময় অর্থনৈতিক ক্ষেত্র। আকাশে ডানা মেলে উড়ে যাওয়া একঝাঁক কবুতর যেন শুধু গন্তব্যে ফেরার প্রতিযোগিতায় নয়, বরং মানুষের স্বপ্ন, সাধনা আর ভালোবাসার প্রতীক হয়ে ওঠে।