Skip to main content

Ridge Bangla

এক পদের বিপরীতে পাঁচ-ছয় লাখ আবেদন, বেকারত্ব রাতারাতি দূর করা সম্ভব নয়: মির্জা ফখরুল

দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ৪ কোটি উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে একটি চাকরির পদের বিপরীতে পাঁচ থেকে ছয় লাখ পর্যন্ত আবেদন জমা পড়ছে। কর্মসংস্থানের সীমিত সুযোগের কারণে বেকারত্বের সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী।

মির্জা ফখরুল বলেন, দেশে প্রায় ৪ কোটি শিক্ষিত যুবক রয়েছে। কিন্তু সেই অনুপাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি। তবে পরিস্থিতির পরিবর্তনে সরকার কাজ করছে এবং এ প্রক্রিয়ায় সময় লাগবে। তিনি কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র পাঁচ মাসের মধ্যেই নানা ধরনের আলোচনা-সমালোচনা শুরু হয়েছে, যা স্বাভাবিক। তবে বর্তমান সুযোগকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে এবং তা যেন অবহেলায় নষ্ট না হয়, সেদিকে সবার দৃষ্টি থাকা প্রয়োজন।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, গত ১৭ বছরে দেশের অর্থনীতি এবং বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়েছে। এখন সেসব প্রতিষ্ঠান পুনর্গঠনের কাজ চলছে।

This post was viewed: 5

আরো পড়ুন